আগামী ২৫ মে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় যাবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আমের সঙ্গে শাকসবজিসহ অন্যান্য ফলমূলও ঢাকায় যাবে এই ট্রেনে। গত ১৭ মে রাজশাহী রেলওয়ে স্টেশনের সম্মেলন কেন্দ্রে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ বিষয়ক এক মতবিনিময় সভায় এ তথ্য জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন। তিনি জানান, বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে খুব অল্প সময়ে ঢাকায় আম পৌঁছে দেওয়ার জন্য আগামী ২৫ মে থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হতে যাচ্ছে। এজন্য পাঁচটি ওয়াগনে যাবে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আম। প্রতি বগির আম বহনের সামর্থ্য ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হবে ৩০ মেট্রিক টন। তিনি বলেন, কাঁচা বা আধাপাকা আম যেন গরম ও অতিরিক্ত চাপে নষ্ট না হয়ে যায় সে কারণে ধারণক্ষমতার কিছু কম পণ্য বহন করা হবে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকাল সাড়ে ৪টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ২টায়। এক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে ঢাকার বাজারগুলোতে তরজাতা সতেজ আম পৌঁছানো সম্ভব হবে।
