ভারতে মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট ভয়াবহ সংকটের মধ্যেই প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করছে দেশটির সরকার। এমতাবস্থায় সম্প্রতি রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় কিছু পোস্টার দেখা গেছে। সেগুলোতে লেখা, 'মোদি জী আমাদের শিশুদের ভ্যাকসিন কেনো বিদেশে পাঠাচ্ছেন?' এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। পরে এ নিয়ে মোদি সরকারের ব্যাপক সমালোচনা করেছেন কংগ্রেসসহ বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা।
এবার ভ্যাকসিন সরবরাহ করা নিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া তাদের মতামত ব্যক্ত করেছে। এক বিবৃতিতে জানিয়েছে, কেনো তারা বাহিরের বিভিন্ন দেশে ভ্যাকসিন সরবরাহ করছে। মঙ্গলবার (১৮ মে) এক টুইট বার্তায় বিবৃতিটি শেয়ার করা হয়েছে।
Important Information pic.twitter.com/M1R1P6rqUp
— SerumInstituteIndia (@SerumInstIndia) May 18, 2021
সেরাম ইন্সটিটিউট জানিয়েছে, বিগত কিছুদিন ধরে বাহিরের দেশে ভ্যাকসিন সরবরাহ নিয়ে ভারত সরকার ও উৎপাদনকারী প্রতিষ্ঠানদের নিয়ে যে আলোচনা হচ্ছে, তাতে কিছু কথা বলা গুরুত্বপূর্ণ। ঘটনার সমাপ্তির আগে এগুলো তুলে ধরা জরুরি।
প্রথমত, চলতি বছরের জানুয়ারিতে আমাদের ব্যাপক আকারে ভ্যাকসিন ডোজ মজুদ হয়। সফলভাবে ভ্যাকসিনেশন প্রোগ্রামও শুরু হয় এবং এই সময়ে ভারতে করোনা রোগী রেকর্ড সংখ্যক কমতে থাকে। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞসহ অন্যান্যরা এটা বিশ্বাস করতে শুরু করে যে, মহামারি মোকাবিলায় ভারত সফল হতে যাচ্ছে।
ঠিক একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ এখনো ভাইরাসটির বিরুদ্ধে লড়াই করছে। তখন তাদের সহায়তা দরকার। ফলে ভারত সরকারও সহায়তার হাত বাড়িয়ে দেয়। আমাদের এটাও বুঝতে হবে যে, মহামারি কেবল নির্দিষ্ট অঞ্চল বা রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। যতক্ষণ পর্যন্ত বিশ্বের সকলে ভাইরাসটি মোকাবিলায় সফল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা কেউই নিরাপদ নই। তাছাড়া বৈশ্বিক সহায়তা ও কোভ্যাক্সের সাথে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বের বিভিন্ন স্থানে ভ্যাকসিন সরবরাহ করা আমাদের দায়িত্ব।
তাই এটা আবারও উল্লেখ করছি যে, আমরা কোনো অবস্থাতেই ভারতীয় জনগণকে বিপদে ফেলে ভ্যাকসিন সরবরাহ করবো না এবং পুরো দেশে ভ্যাকসিনেশন কার্যক্রম সহায়তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, বিবৃতিতে বলা হয়েছে।
ইত্তেফাক/টিএ
