অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ মোমেনের

আপডেট : ১৯ মে ২০২১, ০০:২৫

বাংলাদেশকে শিগিগরই অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদানের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল মঙ্গলবার এক ফোনালাপে তিনি এই অনুরোধ করেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের চাহিদাসহ বাংলাদেশের অবস্থা সম্পর্কে অবগত আছেন। এ সময় ড. মোমেন ভারতে ঘূর্ণিঝড়সহ করোনা আক্রান্ত হয়ে মৃতদের প্রতি শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। এছাড়া স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানান।

ড. মোমেন বলেন, ভারত যেহেতু সময়মতো টিকা দিতে পারেনি, সেজন্য বাংলাদেশকে অতি শিগিগরই টিকা প্রদানের জন্য তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন। বাংলাদেশকে টিকা প্রদানের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে অনুরোধ করতে পারেন বলে ড. মোমেন উল্লেখ করেন। এস জয়শঙ্করও এ ?বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুরাধ করবেন বলে জানান।

উল্লেখ্য, বাংলাদেশকে টিকা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে প্রবাসী বাংলাদেশি ডা. এ এফ এম হকের নেতৃত্বে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপকসহ সেদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন স্তরের ১ হাজার ১৪ জন পেশাজীবী প্রবাসী বাংলাদেশি-আমেরিকান স্বাক্ষরিত একটি আবেদন হোয়াইট হাউজে প্রেরণ করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা, মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমানও বাংলাদেশকে টিকা প্রদানের জন্য হোয়াইট হাউজকে অনুরোধ করেছেন বলে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশিরা জানান যে, তারা অসমর্থিত সূত্রে জানতে পেরেছিলেন, বাংলাদেশের করোনার আক্রান্তের হার ও মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তালিকায় নেই। যেসব দেশের আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি, সেসব দেশ অগ্রাধিকার তালিকায় রয়েছে। এ কারণেই তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করেছেন।