কানাডার কাছে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

আপডেট : ১৯ মে ২০২১, ০০:২৬

কানাডার কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ঢাকায় কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফন্টেইন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে মন্ত্রী টিকা সরবরাহ করার আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাত্কালে কানাডার কাছ থেকে সম্ভাব্য অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশে দ্বিতীয় ডোজের টিকার চাহিদা পূরণের জন্য এটি জরুরি।

ড. মোমেন জানান, বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৩ কোটি ডোজ সংগ্রহের চুক্তি করেছিল। এখন পর্যন্ত ১ কোটি ২ লাখ ডোজ টিকা ভারত থেকে এসেছে। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি এখন অনেক খারাপ। এই পরিস্থিতিতে ভারত থেকে করোনার টিকা পাওয়ার সম্ভাবনা কম। তিনি বলেন, প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ১৬ লাখ ডোজ টিকা জরুরি। বর্তমানে এটিই বাংলাদেশের জন্য অগ্রাধিকার।

সম্প্রতি কানাডার সংশ্লিষ্ট মন্ত্রী অনিতা আনন্দ জানান, তার দেশ উন্নয়নশীল দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকার বাড়তি ভ্যাকসিন বিতরণ করতে পারে। এ প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন কানাডার হাইকমিশনারকে এ ইস্যুতে তার সরকারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান, যাতে বাংলাদেশ কমপক্ষে ২০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ভিত্তিতে কানাডা থেকে পায়। তিনি এই টিকা সরাসরি বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব করেন। এ সময় তিনি কানাডাকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আলাদাভাবে টিকা দিয়ে সহায়তা করারও প্রস্তাব দেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশ থেকে টিকা সংগ্রহের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে।

এ সময় কানাডীয় হাইকমিশনার আশ্বাস দেন যে, তিনি অবিলম্বে ২০ লাখ ডোজ টিকা সরবরাহের জন্য বাংলাদেশের অনুরোধের বিষয়টি তার দেশের সরকারকে জানাবেন। এ বিষয়ে অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন কানাডার সরকারের সঙ্গেও যোগাযোগ করছে।