পত্রিকা সম্পাদকদের সহযোগিতা কামনা ড. কামালের

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ০০:৪১

জাতীয় ঐক্যফ্রন্টকে শেষ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে থাকার পরামর্শ দিয়েছেন বিভিন্ন পত্রিকার সম্পাদকেরা। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক মতবিনিময় সভায় তারা এ পরামর্শ দেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সম্পাদকদের সহযোগিতা চেয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট। সভার শুরুতে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন।

এ সময় কামাল হোসেন সাংবাদিকদের কাছে জানতে চান, আপনারা নিজেদের অবস্থান থেকে কী করলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে? এরপর সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন। এরপর ক্ষমতায় গেলে ঐক্যফ্রন্টের প্রধানমন্ত্রী কে হবেন- এমন প্রশ্ন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান তৌফিক ইমরোজ খালেদী। জবাবে ড. কামাল হোসেন বলেন, জোটের সংখ্যাগরিষ্ঠ দল বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। মতবিনিময় শেষে সাপ্তাহিকের সম্পাদক গোলাম মোর্তোজা সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের নির্বাচনে আসার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। তাদেরকে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঐক্যফ্রন্ট নেতারা বলেন, গণমাধ্যমের কাছে প্রকৃত চিত্র দেখতে চাই। তারা বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনেক ঘাটতি আছে। কয়েকজন সম্পাদক তাদের বলেন, প্রয়োজনে এই ইস্যুতে আপনারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের কাছে যেতে পারেন। এতে নির্বাচনের পরিবেশ অনেকটাই তৈরি হবে। মতবিনিময় বিকাল সোয়া ৩টায় শুরু হয়ে চলে সাড়ে ৫টা পর্যন্ত।

সভা থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা সম্পাদকদের সঙ্গে কথা বলেছি। সম্পাদকরা আমাদের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ রক্ষা করা যেমন সরকারের কর্তব্য, তেমনি আমাদেরও দায়িত্ব রয়েছে। কামাল হোসেন বলেন, সম্পাদকদের সঙ্গে আলোচনার উদ্দেশ্য ছিল অতীত অভিজ্ঞতার আলোকে আমাদের যেসব বিষয়ে বিরত থাকতে হয়, নির্বাচন কিভাবে অবাধ হয় এবং জনগণ সত্যিকার অর্থে যাতে ভোট দিতে পারে, এসব বিষয়ে পরামর্শ ও সহযোগিতা নেওয়া। ’ ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সম্পাদকদের কাছে সব রকম সহযোগিতা চেয়েছি। তারা নিজ নিজ অবস্থান থেকে যৌক্তিক বিষয়ে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মতবিনিময় সভায় অংশ নেন- দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ,  মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএজ সম্পাদক নূরুল কবীর, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা, সাপ্তাহিক বুধবার সম্পাদক আমির খসরু, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান তৌফিক ইমরোজ খালিদী, দিনকাল সম্পাদক রেজোয়ান সিদ্দিকী, ইনকিলাবের যুগ্ম-সম্পাদক মুন্সি আবদুল মান্নান, এএফপি’র ব্যুরো চিফ শফিকুল আলম, রয়টার্স’র সিরাজুল ইসলাম কাদির, ডেইলি স্টারের প্লানিং এডিটর সাখাওয়াত লিটন, যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-বার্তা সম্পাদক আবু তাহের প্রমুখ।