সস্ত্রীক করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব

আপডেট : ১৯ মে ২০২১, ২১:২০

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য দপ্তর খবরটি নিশ্চিত করেছে।

শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার রাতে মীরা ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বুদ্ধদেবের চিকিত্সা বাড়িতেই চলছে বলে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। হাসপাতালে মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় কয়েক দিন আগে এ দম্পতির করোনা ভাইরাসের পরীক্ষা হয়। মঙ্গলবার সকালে ঐ পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। সাবেক মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা এখনো উদ্বেগজনক পর্যায়ে যায়নি। এ কারণে ডাক্তাররা তাকে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে বুদ্ধদেবের; সে কারণে সিপিএম (কমিউনিস্ট পার্টি) তাকে বাড়িতে রেখে চিকিত্সা করাতে না চাইলেও তিনি হাসপাতালে যেতে রাজি হচ্ছেন না বলে দলটির সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বুদ্ধদেব ও তার স্ত্রী মীরা দীর্ঘদিন ঘরের বাইরে বের হননি। এ বছর দলের প্রচার বা কলকাতার ব্রিগেডে দলীয় সমাবেশে বর্ষীয়ান এ রাজনীতিককে দেখা যায়নি। চিকিত্সকরা বাইরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তিনি এবারের রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া থেকেও বিরত ছিলেন।