বিভিন্ন কর্মসূচিতে ইলিয়াস আহমেদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৯ মে ২০২১, ২১:২১

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের প্রাক্তন সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজসেবক ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদাভাই) ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার শিবচরের দত্তপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতে অংশ নেন মরহুমের বড় ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এবং মরহুমের কনিষ্ঠ ছেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানসহ পরিবারের সদস্যরা। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ সময় শিবচর, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই মহান নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৮টায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের তিন-চারটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজন করা হয়। এই মহান নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দত্তপাড়ায় তার নিজ বাড়ি ও সূর্যনগর কলেজের মসজিদে বাদ আসরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।