বিশ্ব মেট্রোলজি দিবস আজ

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৪১

ইত্তেফাক রিপোর্ট

আজ ২০ মে  বিশ্ব মেট্রোলজি দিবস। সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘সুস্বাস্থ্যের জন্য পরিমাপ’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে ওজন ও পরিমাপবিষয়ক আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ বাণী দিয়েছেন। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের পাশাপাশি  বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনাসভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড লাগানো হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে ‘শিল্পোন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা :পণ্য ও স্বাস্থ্যসেবায় পরিমাপের গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।