কালিয়াকৈরে খাসজমির দখল নিয়ে দুই পক্ষে উত্তেজনা

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৫২

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় একটি সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্দেশ্যে ঐ জমিতে উভয় পক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে একটি পক্ষ নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ঐ খাস জমিতে বালু ভরাট করে। এ ব্যাপারে হিজলহাটি গ্রামের বাসিন্দা আবজাল হোসেন গাজীপুর জেলা প্রশাসক ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, আবজাল হোসেন ও তার পরিবারের লোকজন তাদের পৈতৃক সম্পত্তির পাশের একখণ্ড খাসজমি প্রায় ১০০ বছর যাবত্ ভোগদখল করে আসছেন। হঠাত্ একই এলাকার বাসিন্দা রাজ্জাক উদ্দিন রেজু  ঐ জমিতে বালু ভরাট শুরু করেন।

এ ব্যাপারে রাজ্জাক উদ্দিন রেজু  ঐ জমি সরকারি বলে স্বীকার করেন।  তবে তার দাবি—রাস্তা তৈরির জন্য মাটি ফেলা হচ্ছিল। সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে কাজ বন্ধ রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী বলেন, খাসজমি দখল করার এক্তিয়ার কারো নেই। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের প্রক্রিয়া চলছে। সমাধান না হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।