‘এখন শান্তিতে বাস করতে পারবো’

আপডেট : ২০ মে ২০২১, ১৬:১৪

দুই শিশু সন্তান নিয়ে পলিথিনের ঘরে বসবাস। এমনকি সন্তানদের মুখে দুইবেলা দুইমুঠো খাবার জোগাতেও যেনো হিমশিম খেতে হচ্ছিল মতি বেপারী দম্পতির। বিষয়টি নজরের আসার পর শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের উত্তর চন্দনকর গ্রামের ওই দম্পতির টিনের ঘর তৈরি করে দেন স্থানীয় সংসদ সদস্য শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু।  

জানা যায়, মতি বেপারীর বাবা কাবিল বেপারী ৫ ছেলে ও নাতিপুতি নিয়ে থাকেন ছোটো একটি ঘরে। বাবার ঘরে জায়গা না পেয়ে একটু উঁচু মাটেতে পলিথিনের ঘর বানিয়ে দু’টি শিশু সন্তান নিয়ে মতি বেপারীর দম্পতির মানবেতর জীবনযাপন করছিলো। ভিটেবাড়ি বা কোনো কৃষি জমিও নেই মতি বেপারীর। দিনমজুরের কাজ করায় ঘরও ঠিক করতে পারছিলো না। 

এমন খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পারলে মতি বেপারীর বিষয়ে দ্রুত আমলে নেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু। এরপরই তিনি ওই দম্পতিকে ঘর করে দেন।

নতুন ঘর পাবার আগে মতি বেপারীর আগের ঘর। ছবি: ইত্তেফাক 

নতুন ঘর পেয়ে মতি বেপারীর স্ত্রী রাশিদা বলেন, আমরা অনেক কষ্টে আছি। আমার স্বামী দিনমজুর সে দিনে আনে দিনে খায়। এমপি সাহেব আমাদের ঘর করে দিয়েছে, অনেক ভাল লাগতেছে। এখন পরিবার নিয়ে এখন শান্তিতে বাস করতে পারবো।

এ বিষয়ে শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। তাই প্রধানমন্ত্রীর এমন ঘোষণার ছোট প্রয়াসই হচ্ছে এমন কার্যক্রম। 
ইত্তেফাক/এমএএম