প্রতিদিন ১০০ জনকে করোনার টিকা দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল। যারা এই হাসপাতাল থেকে টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পেয়েছেন, শুধু তারাই এ সুবিধা পাবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, টিকার অপ্রতুলতার মধ্যে সরকার বিভিন্ন উত্স থেকে টিকা সংগ্রহের চেষ্টা করে যাচ্ছে। এমন সংকটের মধ্যেই আমরা সিভিল সার্জন কার্যালয় থেকে ১০০ ভায়াল টিকা পেয়েছি, যা ১ হাজার মানুষকে দেওয়া যাবে। সে অনুযায়ী প্রতিদিন ১০০ জনকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম জেলার ১৪ উপজেলা এবং নগরীতে মোট ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৭২ জন।
