স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতিবাজদের পক্ষেই সাফাই গাইলেন :মেনন

আপডেট : ২০ মে ২০২১, ০০:৩৭

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন, নিগ্রহ ও মামলার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যকে অনিভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ১৪ দলের এই নেতা বলেছেন, সরকারের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও গোপনীয় ডকুমেন্ট বা ফাইল কোনো একান্ত সচিবের টেবিলে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে না। এটা হয়ে থাকলে সেটা বরং মন্ত্রণালয়েরই অযোগ্যতা ও ব্যর্থতা। মন্ত্রী প্রকারান্তরে দেশে দুর্নীতিবাজ ব্যবসায়ী-আমলাদের যে অশুভ আঁতাত গড়ে উঠেছে তার পক্ষেই সাফাই গেয়েছেন। অথচ দেশবাসী জানে এই করোনাকালে সরকারি অর্থ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কী পরিমাণ দুর্নীতি আর লুটপাট হয়েছে।

সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের কক্ষে আটকে রেখে নির্যাতন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও কারাগারে প্রেরণের প্রতিবাদে গতকাল বুধবার ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মেনন বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ও লুটপাটের সত্যকে তার অনুসন্ধিত্সু রিপোর্টের মাধ্যমে তুলে ধরছিলেন। আর এ কারণেই তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আক্রোশের শিকারে পরিণত হতে হয়েছে। সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা ও পেশাগত অধিকার অক্ষুণ রাখতে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোর রায়, জোবায়দা পারভীন, জাকির হোসেন রাজু প্রমুখ।