রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের একটি বাসা থেকে গতকাল বুধবার বিকালে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মাহমুদুল হক ওরফে রকি (২৫)।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আখতার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। সেখানে তিনি মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। চিরকুটে লেখা রয়েছে, মানসিক যন্ত্রণা থেকেই আত্মহত্যা করেছেন তিনি।
পুলিশ সূত্র জানায়, মিরপুরের শিয়ালবাড়ী এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন মাহমুদুল। মিরপুর-২ নম্বর সেকশনের জি ব্লকের ১ নম্বর সড়কের ১১ নম্বর বাড়ির দোতলায় মাহমুদুলসহ চার জন মেস করে থাকতেন। তার সঙ্গে থাকা তিন জন ঈদের ছুটিতে বাড়িতে গেলেও তিনি একা বাসায় ছিলেন। গতকাল সকালে তার এক রুমমেট এসে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় মিরপুর থানায় জানালে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয় বলে ধারণা পুলিশের। মাহমুদুলের বাড়ি মাগুরা সদর উপজেলায়। তার বাবার নাম এ কে এম রেজাউল হক। বিকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
