মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় দ্রুত যুদ্ধবিরতির পথে হাঁটার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানালেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। যদিও এবার বাইডেন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আন্তর্জাতিক প্রভাবশালী নেতৃবৃন্দ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ইসরাইল কর্তৃক হামাস নেতাদের হত্যার চেষ্টায় যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাচ্ছে। গাজায় ইসরাইল হামলা অব্যাহত রেখেছে। সাংবাদিকসহ আরো চার জন নিহত হয়েছেন। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও আলজাজিরার
গাজায় হামাস নেতাদের হত্যার চেষ্টা
গাজায় ১০ দিন ধরে ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং ইসরাইল বলছে যে তারা সেখানে হামাস কমান্ডারদের বাড়িঘর লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েল বলেছে, তারা হামাসের সামরিক প্রধান মোহাম্মেদ দেইফকে কয়েক বার হত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার রাতে একটি অ্যাপার্টমেন্টের ওপর ইসরাইলি বিমান হামলায় আরো দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা থেকে বিবিসির সংবাদদাতা রুশদি আবুলাউফ বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে ৭০টিরও বেশি হামলা চালানো হয়েছে। প্রায় ৫০টি হামলা হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে। এ সময় হামাসের একটি প্রশিক্ষণকেন্দ্র ও নিরাপত্তা স্থাপনায়ও আক্রমণ করা হয়। গতকাল সকালেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তাদের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ বলছে, তারা হামাসের ব্যবহূত একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদাই জিলবারমান বলেছেন, পুরো অভিযানের সময় তারা মোহাম্মেদ দেইফকে হত্যার জন্য কয়েকবার চেষ্টা চালিয়েছেন। হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মেদ দেইফ। এর আগেও তাকে কয়েক বার হত্যার চেষ্টা চালানো হয়েছে। ধারণা করা হয় যে, তিনি নেপথ্যে থেকেই সবকিছু পরিচালনা করেন এবং তার অবস্থান সম্পর্কে তেমন একটা জানা যায় না। এদিকে ইসরাইলকে লক্ষ্য করে গাজা থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে এবং হামাস বলছে যে তারা দক্ষিণের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। হামাস বলছে, এই ঘাঁটি লক্ষ্য করে এটি তাদের দ্বিতীয় হামলা। কিন্তু ইসরাইল এ খবর অস্বীকার করেছে।
বাইডেনের চাপেও হামলা অব্যাহত রাখার অঙ্গীকার নেতানিয়াহুর
গাজায় হামলা কমিয়ে দ্রুত যুদ্ধবিরতির দিকে যেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এখনই শেষের শুরু করতে হবে। হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে সংঘাত দ্রুত কমিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটতে বলেছেন। এই প্রথম প্রেসিডেন্ট বাইডেন প্রকাশ্যে যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করলেন। এর আগে তিনি বলেছিলেন, হামাসের রকেট থেকে আত্মরক্ষার অধিকার ইসরাইলের আছে। এই বক্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এমনকি তার নিজ দলের উদারপন্থিরাও তার এই বক্তব্যের সমালোচনা করেন। তবে নেতানিয়াহু এই ফোনালাপের পর গতকাল বলেছেন, ইসরাইলের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত বোমা হামলা চলবে।

আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হতে পারে। তবে এবার আগের মতো বন্ধু রাষ্ট্র ইসরায়েলের পক্ষে জোরালো অবস্থান নাও নিতে পারে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলের প্রতি ধৈর্য্য হারিয়ে ফেলেছেন। তাই আজ হয়তো ইসরাইল যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারে। যদিও সেটা হবে কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে গতকাল বাইডেনের এই ফোনালাপের মধ্যেই লেবাননে শেল নিক্ষেপ করেছে ইসরাইল। দেশটি থেকে রকেট ছোঁড়ার অভিযোগ করেছে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই ১০ দিনের যুদ্ধে অন্তত ২২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ১০০ জন নারী ও শিশু। ইসরাইলের দাবি, তারা গাজায় দেড়শ’ জঙ্গিকে হত্যা করেছে। এ বিষয়ে হামাসের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। ইসরাইলে চিকিত্সাবিষয়ক কর্তৃপক্ষ বলছে, দুই শিশুসহ ১২ জন ইসরাইলি নিহত হয়েছে। ইসরাইল বলছে, গাজা থেকে হামাস ৩ হাজার ৭৫০টি রকেট ছুড়েছে। এই সহিংসতার মধ্যেই যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখনো পর্যন্ত তাতে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ফ্রান্স, মিসর ও জর্ডান একসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করেছে।

তবে এটি শুধুই খসড়া। ফ্রান্স বলছে, মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর মধ্যে এক ভিডিও সম্মেলনে প্রস্তাবের এই খসড়া তৈরি করা হয়েছে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়ার উদ্যোগে বাধা দিচ্ছে ইসরাইলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র। তারা বলছে, এই বিবৃতি উত্তেজনা প্রশমনে সহায়তা করবে না। ইসরাইলি প্রতিরক্ষা বিভাগ থেকে বিবিসিকে বলা হয়েছে, তাদের সামরিক অভিযান পুরোদমে চলবে এবং যুদ্ধবিরতির বিষয় আলোচনায় নেই।
এরদোয়ানের সমালোচনায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী বক্তব্য দেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, গতকাল বুধবার সেটি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এরদোয়ান এর আগে বলেছেন যে, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে এবং এটাই তাদের স্বভাব। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সংঘর্ষ শুরু হয়। এই এলাকা মুসলিম ও ইহুদিদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত। সেখান থেকে ইসরাইলি সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করে দিয়ে গাজা নিয়ন্ত্রণকারী হামাস রকেট ছুড়তে শুরু করে। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।
ইত্তেফাক/এএইচপি
