রোজিনাও ভুল করতে পারেন :তথ্যমন্ত্রী

আপডেট : ২০ মে ২০২১, ২১:১০

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়, রোজিনারও ভুল হতে পারে, কিন্তু তিনি যাতে সুবিচার পান এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। গতকাল দুপুরে মিন্টো রোডে মন্ত্রী তার সরকারি বাসভবনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন। এর আগে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ নেতৃবৃন্দ তথ্য চুরির অভিযোগে আটক ও বিচারাধীন সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মন্ত্রীর কাছে তাদের স্মারকলিপি দেয়। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ নেতারাও এ সময় একই দাবি জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘ডিআরইউ এবং বিএসআরএফ দুই সংগঠনের নেতৃবৃন্দের মূল দাবি হচ্ছে, রোজিনা ইসলামের ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি নয়, একটি নিরপেক্ষ কমিটি গঠন। আমি এ নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। বুধবার আমি বিস্তারিত বক্তব্য দিয়েছি, সেখানে বলেছি, সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সেজন্য আমি প্রথম থেকেই চেষ্টা করে এসেছি এবং আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে।’ ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, বিএসআরএফ সভাপতি তপন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ সাংবাদিক নেতা এ সময় উপস্থিত ছিলেন।