করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য কাজ করবে এফবিসিসিআই

আপডেট : ২০ মে ২০২১, ২১:১৬

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের এক পরিচিতি সভায় মিলিত হন। অনুষ্ঠানে তিনি সংবাদকর্মীদের করোনা মহামারির ভয়াবহতার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে এফবিসিসিআইয়ের ২০২১-২৩ নির্বাচনসংক্রান্ত প্রচারণা করে নির্বাচন কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতা করার জন্য নবনির্বাচিত পরিচালক এবং সাধারণ পরিষদের সদস্যদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন বলেন, উন্নয়নশীল দেশে উত্তোরণের ফলে ব্যবসায়ীদের অনেক চ্যালেঞ্জর সম্মুখীন হতে হবে। এসব চ্যালেঞ্জকে সম্ভাবনায় পরিণত করতে আগামী দুই বছর ব্যবসায়ীদের পাশে থেকে বেসরকারি খাতের উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সব খাতের অভিজ্ঞ ও দক্ষ ব্যবসায়ীদের নিয়ে বর্তমান পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। তিনি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উন্নয়নে পাশে থেকে তাদের সহযোগিতা করতে বিশেষ করে করোনায় ক্ষতিগ্রস্ত এসএমইদের সহযোগিতায় কাজ করবেন। এজন্য দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসমূহকে চেম্বার এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সহজ শর্তে ব্যাংক থেকে ঋণসুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকসহ সব কমার্শিয়াল ব্যাংকসমূহের সঙ্গে স্থানীয় চেম্বার এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশনসমূহের সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন।