শত বছরেও ঘোচেনি বঞ্চনা

কমলগঞ্জে চা-শ্রমিকদের মুল্লুক চলো দিবস পালন

আপডেট : ২০ মে ২০২১, ২১:৪২

কমলগঞ্জের চা-শ্রমিকরা ২০ মে মুল্লুক চলো দিবস পালন করেছে। এ বছর দিবসটির শতবর্ষ পালিত হলো। ১৯২১ সালের ২০ মে ঘটে যাওয়া সেই রক্তাক্ত ঘটনা স্মরণ করেই চা-শ্রমিকরা দিবসটি পালন করে থাকে। দিবসটির শতবর্ষ পালিত হলেও ঘুচেনি তাদের জীবনের বঞ্চনা, পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি। বৃহস্পতিবার সকাল ৯টায় শমশেরনগর চা-বাগান দুর্গামন্দিরে জাগরন যুব ফোরামের সভাপতি মোহন রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, ইউপি সদস্য ইয়াকুব মিয়া, নারী নেত্রী লছমী রাজভর প্রমুখ। নিহত চা-শ্রমিকদের স্মরণে শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনাসভার মধ্য দিয়ে ২০ মেকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী বলেন, দীর্ঘদিন ধরে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ভূমি অধিকার, বাসস্থান ও চিকিত্সাব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছি। কিন্তু বাস্তবায়ন না হওয়ায় মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। তার দাবি অবহেলিত চা-শ্রমিকদের বাসস্থানের জায়গাটুকু তাদের নিজের নামে দিতে হবে। যাতে বাগান কর্তৃপক্ষ যখন-তখন ভূমি থেকে চা-শ্রমিকদের উচ্ছেদ করতে না পারে।