স্বরূপকাঠিতে স্কুলপড়ুয়া এক ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে বর ও কনে উভয় পক্ষকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। জানা গেছে, এদিন রাতে উপজেলার জলাবাড়ির গ্রামের পুনম দাসের মেয়ের সঙ্গে বাগেরহাটের মোড়লগঞ্জের সুজিত দাসের ছেলে সমির দাসের বাল্যবিবাহ সম্পন্ন হয়। খবর পেয়ে এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইনে বরের ভাই প্রসেনজিত্ দাস এবং কনের বাবা পুনম দাসকে ১০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে উভয় পক্ষের অভিভাবকরা কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বর-কনে একে অপরের বাড়িতে যাওয়া-আসা না করার বিষয়ে মুচলেকা দেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাল্যবিবাহ নিরোধে অভিযান অব্যাহত থাকবে।
