সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ১৩

আপডেট : ২০ মে ২০২১, ২১:৪৮

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলে রেস করতে গিয়ে দুই বন্ধু ও মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে নিহত হয়েছেন দুই খালাতো ভাই। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাইভেট কার দুর্ঘটনায় দম্পতি ও চালক নিহত হয়েছেন। অন্যদিকে ঝিনাইদহে বাসচাপায় মারা গেছেন দুই পথচারী। মীরসরাইয়ে মারা গেছে এক সিএনজি চালক। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

কোটালীপাড়া (গোপালগঞ্জ) :গত বুধবার বিকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারাশী বাসস্ট্যান্ডে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে মোটরসাইকেল চালক মুবিন শিকদার ও তার পেছনে বসে থাকা চাচাতো ভাই স্বাধীন শিকদার গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মুবিন শিকদারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে স্বাধীন শিকদারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টায় তিনিও মারা যান। 

মুবিন শিকদার উপজেলার ঘাঘরকান্দা গ্রামের ফারুক শিকদারের ছেলে ও স্বাধীন শিকদার বর্ষাপাড়া গ্রামের মিরাজ শিকদারের ছেলে। তাদের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মুন্সীগঞ্জ :গতকাল দুপুরে সদর উপজেলার মুক্তারপুর সেতুর (৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) ওপরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে অমি কাজী ও আজমুল হোসেন সায়র নামে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত সায়র নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পঞ্চবটির মো. আসলাম হোসেনের ছেলে এবং ও?মি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা গ্রামের আলমাস কাজীর ছেলে।

ভেড়ামারা (কুষ্টিয়া) :বুধবার সন্ধ্যায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফারাকপুর গোরস্থানের সামনে তিনটি মোটরসাইকেলে কয়েক বন্ধু প্রতিযোগিতায় নামে। এসময় দুর্ঘটনায় মইনুল হক মিল্টন ও সাকিবুর রহমান শাকিল নিহত হন।

ভেড়ামারা থানার ওসি শাহজালাল জানান, মিল্টন ও শাকিল একই মোটরসাইকেলে ছিলেন। তারা আরো দুটি মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল। তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চার জন আহত হন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সন্ধ্যায় মিল্টন ও শাকিলের মৃত্যু হয়। হাসপাতালে আহত আরো দুই জনের চিকিত্সা চলছে।

এদিকে, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া মণ্ডলপাড়ায় দাদার মৃত্যুর সংবাদ পেয়ে দেখতে এসে শিরিনা খাতুন নামে এক গৃহবধূ বাসচাপায় নিহত হয়েছেন। শিরিনা খাতুন দৌলতপুর উপজেলার মাজদিয়াড় এলাকার হাবিবুর রহমানের স্ত্রী।

ভ্রাম্যমাণ প্রতিনিধি

বুধবার রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর জামতলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন—হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামের মনসের মণ্ডলের ছেলে আকতার হোসেন ও চাঁদপুর গ্রামের গফুর মণ্ডলের ছেলে আবু তালেব। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া :বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তি ইউনিয়নের আমতলায় থেমে থাকা পণ্যবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চান মিয়ার ছেলে সাগর মিয়া ও তার স্ত্রী শিরিন বেগম নিহত হন। আহত চার জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে প্রাইভেটকারের চালক কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার মন্টু মিয়ার ছেলে বিল্লাল হোসেন নিহত হন।

ঘিওর (মানিকগঞ্জ) :প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলাধীন তরা (ক্রসব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মীরসরাই (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর ফুটওভার ব্রিজের নিচে ঢাকামুখি একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোপথে যাওয়া সিএনজি, প্রাইভেটকারসহ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক মো. ওমর ফারুক ঘটনাস্থলেই নিহত হন। তিনি সীতাকুন্ড উপজেলার বাটেরখীল এলাকার বাসিন্দা। এঘটনায় সিএনজির পাঁচ আরোহী আহত হয়েছে।