ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুদ্ধের অংশ হিসাবে ইহুদি পণ্য তরল পানীয় পেপসি-কোকাকোলা ও ইউএস ডলার বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণকে রক্ষার জন্য সবাইকে অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে এমন নয়, অন্যভাবেও সাহায্য করা যায়। আমরা যদি পেপসি-কোকাকোলা তিন মাস পান করা বন্ধ করি, তখন তারা চিত্কার করতে থাকবে। আমরা যদি এক সপ্তাহ ইউএস ডলার ব্যবহার করা বন্ধ করি তাহলে এর ফলাফল কী হয় আপনারা দেখতে পাবেন। আমরা যদি যুক্তরাষ্ট্রের পণ্য কেনা বন্ধ করি তা-ও কাজ হবে। এভাবে আমরা অনেক কাজ করতে পারি। সুতরাং অস্ত্র নিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করতে হবে এমনটা নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, আমরা পবিত্র ভূমির জন্য যুদ্ধ করছি। আমাদের কেউ শেষ করতে পারবে না। ?ফিলিস্তিনি জনগণের নাগরিক অধিকার ৭৩ বছর ধরে বঞ্চিত। ইসরায়েল প্রমাণ করেছে, তারা শুধু ফিলিস্তিনের শত্রু না, তারা মানবতার শত্রু, তারা পৃথিবীর শত্রু। সেজন্য আমরা সব সময় আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে দাবি করি, তাদের এ ব্যাপারে অবশ্যই কিছু করতে হবে। তিনি আরো বলেন, ফিলিস্তিনি জনগণের একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীনতা, মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের নারী, মা-বোনরা শিশু জন্ম দেবে, যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকব, ততদিন পর্যন্ত আমরা আমাদের পবিত্র জায়গা রক্ষা করে যাব।
বাংলাদেশ অভূতপূর্ব সহযোগিতা করছে জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিস্তিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ পরিষ্কারভাবে বিশ্ব ও ইসরায়েলকে জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনিরা একা নয়। আমরা বাংলাদেশের মানুষের প্রতি খুবই কৃতজ্ঞ, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, আমি সাতদিন ধরে দেখছি, বাংলাদেশিরা আমাদের ঢাকার দূতাবাসে আসছে সাহায্য করার জন্য। আমাদের দেশের মানুষের জন্য সহমর্মিতা জানাতে। ইসরায়েল প্রশ্নে আরব বিশ্বের দ্বিধাবিভক্তি সম্পর্কে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। এই বিভাজন স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের দুর্বল থেকে আরও দুর্বলতর করে তুলছে।
