চিরনিদ্রায় শায়িত যশোরের বর্ষীয়ান রাজনীতিক কাজী আব্দুস শহীদ লাল

আপডেট : ২০ মে ২০২১, ২২:১১

চিরনিদ্রায় শায়িত হলেন যশোরের বর্ষীয়ান রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজীবী কাজী আব্দুস শহীদ লাল (৮২)। বৃহস্পতিবার ভোরে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকালে যশোর কারবালা গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাই কাজী আব্দুস সবুর হেলাল জানান, বৃহস্পতিবার কাজী আব্দুস শহীদ লাল যশোরের বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। বিকালে তার মরদেহ উদীচী প্রাঙ্গনে নিয়ে আসা হয়। এরপর মরদেহ নেওয়া হয় যশোর আইনজীবী সমিতি প্রাঙ্গনে। সেখানে যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর বাদ আসর যশোর ঈদগাহ ময়দানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানেই নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।