ভারতে ধর্ষণ মামলা থেকে খালাস পেলেন তেহেলকার ম্যাগাজিনের সম্পাদক

আপডেট : ২১ মে ২০২১, ১৪:০৫

ধর্ষণ মামলা থেকে গোয়ার আদালতের রায়ে বেকসুর খালাস পেলেন তেহেলকার ম্যাগাজিন প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপাল। এর আগে তরুণের বিরুদ্ধে তার এক সহকর্মী যৌন হেনস্থার অভিযোগ তোলেন। সেই প্রেক্ষিতেই মামলা দায়ের হয়েছিল। পরে সেখানে ধর্ষণের অভিযোগও যুক্ত হয়। সেই মামলার শুনানি শেষে শুক্রবার (২১ মে) গোয়ার আদালতের অতিরিক্ত সেশন জাজ ক্ষমা যোশী বেকসুর খালাস দিলেন তরুণ তেজপালকে।

২০১৩ সালে তরুণ তেজপালের বিরুদ্ধে তাঁর এক মহিলা সহকর্মী অভিযোগ করেন যে গোয়ার এক হোটেলের লিফটে তাঁকে যৌন নিগ্রহ করেন তরুণ তেজপাল। এরপর গোয়া পুলিশের কাছে এই সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর গ্রেফতার করা হয় তরুণ তেজপালকে। পরবর্তীতে ২০১৪ সালের জুলাই মাসে জামিনে মুক্তি পান তরুণ।

এরপর ২০১৭ সালে এই মামলার শুনানি শুরু হয় গোয়ার আদালতে। এর আগে অবশ্য তরুণ তেজপাল বম্বে হাইকোর্টে তাঁর বিরুদ্ধে এই মামলা খারিজের আবেদন করেছিলেন। এরপর সুপ্রিমকোর্টেই এই আবেদন জানিয়ে মামলা করেছিলেন সুপ্রিমকোর্টে। তবে শীর্ষ আদালতেও সেই মামলা গ্রহণ করা হয়নি।

ইত্তেফাক/এসএ