মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঁচ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শিশু অয়নকে নদীর তীরে বসিয়ে রেখে মা গোসল করতে নামে। এ সময় শিশুটি নিজে নিজে খেলা করছিল। গোসল শেষে শিশুটির মা নদীর তীরে তার ছেলে অয়নকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয় লোকজনসহ খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর পানিতে শিশুটিকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু অয়ন গজারিয়া উপজেলার বালুয়াকান্দি পশ্চিমপাড়ার স্বপন মিয়ার ছেলে।
