রান পেলেন লঙ্কান ব্যাটসম্যানরাও

আপডেট : ২১ মে ২০২১, ২১:৩৪

প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

বিকেএসপির রান-সহায়ক উইকেট হতাশ করেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের মতোই রানের ছন্দ খুঁজে পেয়েছেন তারা। গতকাল বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ম্যাচে শ্রীলঙ্কার চার ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন। তারা হলেন : নিরোসান ডিকওয়েলা, কুশল মেন্ডিস, ভানিদু হাসারাঙ্গা, আসেন বান্দারা।

আগামীকাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামার আগে যা সফরকারীদের দারুণ আত্মবিশ্বাস জোগাবে। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা টিম ‘বি’ ২ রানে জিতেছে।

আগে ব্যাট করে টিম ‘বি’ ৪০ ওভারে ৫ উইকেটে ২৮৪ রান তুলেছিল। ওপেনিংয়ে নেমে ডিকওয়েলা ৬৩ বলে ৮৮ রানের ইনিংস খেলেছেন। তিনে খেলা নির্ভরযোগ্য ব্যাটসম্যান কুশল মেন্ডিস ৪৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। শামিকা করুনারত্নে ৩৫, বানুরা ফার্নান্দে অপরাজিত ২১, সান্দাকান অপরাজিত ২৭ রান করেন।

জবাবে ৩৭.২ ওভারে ২৮২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা টিম ‘এ’। ওপেনিংয়ে গুণাথিলাকা (১৭), অধিনায়ক কুশল পেরেরা (২৮) সুবিধা করতে পারেননি। পরে হাসারাঙ্গা, বান্দারার ব্যাটে এগিয়ে যায় দলটি। হাসারাঙ্গা ৭৯, বান্দারা অপরাজিত ৮০ রান করেন। ইসুরু উদানা খেলেন ৪৭ রানের ইনিংস। শামিকা করুনারত্নে ৪০ রানে তিনটি উইকেট নেন।

প্রস্তুতির সফল মিশন শেষে আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। তার আগে আজ সকালে বাংলাদেশ দল অনুশীলন করবে। শ্রীলঙ্কা অনুশীলনে নামবে বিকেল সাড়ে ৪টায়। ফ্লাডলাইটের আলোতেও অনুশীলন করবে সফরকারীরা।