পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
ভারত থেকে আসা আরো এক যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্তের বিষয় জানা যায়। তবে আক্রান্তের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট করোনা ভাইরাস কি না তা জানতে ঐদিন আবারও নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো প্রক্রিয়াধীন বলে জানান পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডা. কে এম তানজির আলম।
ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল আজিজের মেয়ে আসমা আক্তার (৪১) পরিবারের ছয় সদস্যসহ ভারতের ভ্যালরে যান। সেখানে তিনিসহ চার জন চিকিত্সা নিয়ে গত ৭ মে বুড়িমারী স্থলবন্দর হয়ে দেশে ফেরেন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ঐ সময় দেশে আসা তিনিসহ ২৩ জনকে রাজ প্লাজা আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। গত ১৯ মে ২৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে আসমা আক্তারের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তাকে ঐ আবাসিক হোটেলে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। আর সোহেল রানা নামের এক যাত্রীর নমুনার পরীক্ষা সঠিকভাবে না আসায় আবারও নমুনা পাঠানো হয়েছে। বাকি ২১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডা. কে এম তানজির আলম ভারতফেরত যাত্রী আসমা আক্তারের শরীরে করোনা ভাইরাস শনাক্তের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।
