নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে। মাধবদী থানা এলাকার উত্তর চৌয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড গুলি, একটি প্রাইভেট কার, একটি কাটার, দুটি চাইনিজ কুড়াল, দুটি বড় ছোরা, চারটি চাকু, একটি স্ক্রু ড্রাইভার ও দুটি শাবল উদ্ধার করা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার উত্তর চৌয়ার হিজল তলার মোড়ে প্রাইভেটকারসহ ১৪/১৫ জনের ডাকাত দল অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের ঘেরাও করে। এ ব্যাপারে শুক্রবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শাহেদ আহম্মেদ ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের দল এই অভিযান পরিচালনা করে।
