বামনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২১ মে ২০২১, ২১:৫১

আটক ২

বামনা (বরগুনা) সংবাদদাতা

নিখোঁজের তিন দিন পর বামনার ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের অফিস সহকারী গোলাম মোস্তফার (৫৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বামনা থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে তার ভাগনে মিজানুর রহমান ও নাসির উদ্দিনকে আটক করেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার ডৌয়াতলা গ্রামের আবদুর রহিম জোমাদ্দারের ছেলে গোলাম মোস্তফার লাশ ডৌয়াতলা চৌকিদার বাড়ির পেছনের হোতাখালে স্থানীয়রা ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে খাল থেকে লাশ উদ্ধার করে। মোস্তফার ছেলে হাসিব বলেন, তার বাবা বুধবার বিকালে বাসা থেকে বের হন। রাত ৯টার দিকে ফোন করে জানান কলেজে কাজ আছে, বাড়ি আসব না। এরপর আর কোনো খবর পাইনি। শুক্রবার বাবার ভাসমান লাশ পেলাম। বামনা থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়। এতে তার মাথায় একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার ভাগনে মিজানুর রহমান ও একই গ্রামের মতি সরদারের ছেলে নাসির উদ্দিনকে আটক করা হয়েছে।