করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলা ও উখিয়া-টেকনাফের পাঁচটি ক্যাম্প কঠোর লকডাউন করে দেওয়া হয়েছে। এর মধ্যে টেকনাফ উপজেলাতে ১০ দিন আর রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১২ দিনের জন্য লকডাউন দিয়েছে কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটি। ২১ মে থেকে শুরু হয়েছে কঠোর এ লকডাউন।
জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। মানবিক আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের মধ্যে হঠাত্ করোনা সংক্রমণ বেড়েছে। গাদাগাদি অবস্থানের ফলে এখানে করোনার প্রাদুর্ভাব দ্রুত বাড়ার আশঙ্কায় উখিয়া-টেকনাফের পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে ৩১ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এসব ক্যাম্পে গত কয়েক দিনে বেশি করোনা রোগী শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। লকডাউনের আওতায় আসা ক্যাম্পগুলো হলো কুতুপালং ওয়েস্ট ২, ৩, ৪, ১৫ ও টেকনাফের ২৪ নম্বর ক্যাম্প। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। আরআরআরসি কার্যালয় সূত্র মতে, বৃহস্পতিবার (২০ মে) পর্যন্ত ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের ৪১ হাজার ৪৭৭ জন রোহিঙ্গার নমুনা টেস্টের আওতায় এসেছে। এদের মধ্যে করোনা পজিটিভ এসেছে ৯১৩ জনের।
