বরিশালে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২১ মে ২০২১, ২২:১৯

নগরীর পলাশপুর থেকে নিখোঁজের হওয়ার ১৫ ঘণ্টা পর সবুজ মন্ডল (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, শিশু সবুজকে হত্যা করে তার মরদেহ খালে ফেলে দেওয়া হয়। নগরীর হাটখোলা শিশুপার্ক কলোনির ময়লাখোলা সাদেমের ঘাট এলাকার বাসিন্দা লিটন মন্ডলের ছেলে সবুজ গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফুঁচকা খেতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। স্থানীয়রা জানান, আমানতগঞ্জ খালে শিশুর মরদহে ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। এরপর সবুজের স্বজনরা সেখানে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, শিশুটিকে হত্যা করা হয়েছে নাকি খালের পানিতে ডুবে মারা গেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। স্বজনদের অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।