নগর সংস্কৃতি

গানের সুরে কবিতার ছন্দে নজরুল বন্দনা

আপডেট : ২২ মে ২০২১, ০০:০৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী সামনে রেখে মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে নজরুল একাডেমি। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার নজরুলের গানে কবিতায় ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। পরিবেশনায় এপার বাংলার শিল্পীদের সঙ্গে যুক্ত হন ওপার বাংলার শিল্পীরা। শুক্রবার রাত ৮টায় একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় নজরুল জয়ন্তীর এ নিবেদন।

পরিবেশনা পর্বের সঙ্গীতায়োজনে ঢাকার শিল্পী বদিউজ্জামান বাদল এবং চট্টগ্রামের ফাহমিদা রহমানের সঙ্গে অংশ নেন কলকাতার মঞ্জুষা চক্রবর্তী। শিল্পীত্রয় পরিবেশন করেন নজরুলের নানা আঙ্গিকের গান। শুরুতেই মঞ্জুষা চক্রবর্তী গেয়ে শোনান—আমি নই বিদেশিনী/ওই ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী ...। এরপর একে একে গেয়ে শোনান ‘সুরে ও বাণীর মালা দিয়ে তুমি’, ‘খেলিছো এ বিশ্ব লয়ে’ ‘জগতের নাথ করো পার’সহ কয়েকটি গান। বাকি দুই শিল্পী পরিবেশিত গানগুলোর শিরোনাম ছিল ‘আল্লাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান’, ‘আধো ধরনী আলো আধো আঁধার’, ‘মনে রাখার দিন গিয়েছে’, ‘আমি যদি আরব হতাম মদিনারই পথ’, ‘শ্যামা নামে লাগলো’ ও  ‘মনে পড়ে আজ’। এছাড়া অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম থেকে কবিতা আবৃত্তি ও ইংরেজি অনুবাদ প্রচারিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিন্টু রহমান।

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে নজরুল একাডেমি আয়োজিত এই অনলাইন অনুষ্ঠান চলবে জুন মাস পর্যন্ত। প্রতিদিন রাত ৮টায় একাডেমির ফেসবুক চ্যানেলে পরিবেশিত হবে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত শিল্পীও বক্তাদের গান, কবিতা, নৃত্য পরিবেশনা ও আলোচনা। একাডেমির অনলাইন ফেসবুক চ্যানেলে Nazrul tv লিখে সার্চ দিলেই এই অনুষ্ঠান উপভোগ করা যাবে।