কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলাম মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, রোজিনা মুক্ত না হলে মুক্ত সাংবাদিকতার অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। ব্যক্তিগত তথ্য, ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করে সাংবাদিকদের ঐক্যে যাতে বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতেও বলেন নেতারা। সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ঐ সমাবেশে ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বলেন, বিভিন্ন ব্যানারে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে বিক্ষিপ্ত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। রবিবার রোজিনা জামিন পেলেও ডিআরইউ মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। প্রকৃত রহস্য জনসম্মুখে প্রকাশে ডিআরইউ আলাদা তদন্ত কমিটি গঠন করবে। যে কর্মকর্তারা রোজিনার ওপর নির্যাতন চালিয়েছেন, তাদের বিরুদ্ধে পরিবার না করলে ডিআরইউ মামলা করবে।
ডিআরইউর সহসভাপতি ওসমান গণি বাবুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ বলেন, যারা ঘটনা ঘটিয়েছে তাদের নিয়ে তদন্ত কমিটি করে সাংবাদিকদের সঙ্গে উপহাস করা হচ্ছে। গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বক্তব্য নিয়ে এখন সবাই সন্দিহান। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডিআরইউর সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এম এম জসিম, রফিক রাফি, ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, হেলিমুল আলম বিপ্লব, সাবেক কল্যাণ সম্পাদক শাহনাজ শারমিন, রিয়াদুল করিম, আহমেদ ফয়েজ, আশীষ কুমার দে, শিপন হাবিব, রাব্বি সিদ্দিকী, মানিক লাল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, এস এম ফয়েজ, মতলু মল্লিক প্রমুখ।
