ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশু-কিশোরদের জন্মদিন উদযাপন

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৯:৩৫

খুলনায় এক সময় ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত ছিলো এমন শিশু-কিশোর-কিশোরীদের জন্মদিন উদযাপন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ‘জীবনের জন্য প্রকল্প’ এর আওতায় বৃহস্পতিবার নগরীর সিএসএস আভা সেন্টারে এই জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন পরিচালিত শিশুবান্ধব শিখন ও বিনোদন কেন্দ্রের দুই শতাধিক শিশু কিশোর নাচ, গান ও কেক কেটে আনন্দঘন পরিবেশে তাদের জন্মদিন উদযাপন করে। 

জন্মদিন অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যে সরকার শ্রমে নিয়োজিত শিশুদের পুনর্বাসনে কাজ শুরু করেছে। ২০২১ সালের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৩৮টি শ্রমে শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন এই ৩৮টি অধিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ছিলো এমন শিশুদের শ্রম থেকে উদ্ধার করে তাদের স্কুলে ফিরিয়ে এনেছে। এ সকল শিশুদের মাসিক ভাতা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে।

আরো পড়ুন: ৮ ফেব্রুয়ারির জনসভার জন্য পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি

জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং কেসিসির কাউন্সিলর (সংরক্ষিত) আমেনা হালিম বেবি। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের রিজিওনাল ফিল্ড ডিরেক্টর লিমা দারিং। স্বাগত বক্তৃতা করেন প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমান।

ইত্তেফাক/বিএএফ