জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত তোরণ ভাঙচুর
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপির ছবি সংবলিত ঈদ শুভেচ্ছার তোরণ ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—উপজেলার এসবিকে ইউপি সদস্য রকিমুজ্জামান বিপুল এবং ইয়ার আলী। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গত ১৩ মে কেন্দ্রীয় যুবলীগ নেতা ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজ খালিশপুর বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে ঈদ শুভেচ্ছার তোরণ নির্মাণ করেন। ঈদের রাতে ঐ তোরণ ভাঙচুর করা হয়। এ ঘটনায় যুবলীগ নেতা মিঠুন বাদী হয়ে অজ্ঞাত পাঁচ-ছয় জনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ গত কয়েক দিন বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পরে শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ঐ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, ঐ ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অচিরেই দোষীদের গ্রেফতার করতে সক্ষম হব। সাবেক এমপি নবী নেওয়াজ বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের শাস্তি দাবি করছি।
