পলাশে ঠিকাদারকে না পেয়ে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

আপডেট : ২২ মে ২০২১, ২১:৫৪

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর পলাশে ঠিকাদারকে বাড়িতে না পেয়ে তার বাবা ও ছেলেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন যুবলীগের এক নেতার বিরুদ্ধে। ঐ নেতার নাম দেলোয়ার হোসেন দেলু; তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে দেলোয়ার হোসেনসহ ৯ জনকে অভিযুক্ত করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঠিকাদার কামরুল হাসান।

মামলার অন্য অভিযুক্তরা হলেন দেলোয়ার হোসেন দেলুর ভাই আমজাদ হোসেন, সোহেল, জুয়েল মিয়া, রাজিব, লিটন, আলামিন, আরিফ ও মফিজ উদ্দিন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলুর ভাই আমজাদ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রাণ-আরএফএল গ্রুপে কর্মরত ঠিকাদার কামরুল হাসানকে খুঁজতে তার বাড়িতে যায়। এ সময় কামরুলকে বাড়িতে না পেয়ে দেলোয়ারের নির্দেশে কামরুলের ছেলে ছাত্রলীগের নেতা নাহিদ হাসান ও তার বাবা সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনকে অপহরণ করে কাজীরচর গ্রামে দেলোয়ারের নির্মাণাধীন একটি ভবনে নিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাদের আত্মচিত্কারে কামরুল হাসানের চাচাতো ভাই ও বোন এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। একপর্যায়ে আত্মচিত্কারে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে মফিজ উদ্দিনের অবস্থা গুরুতর হলে রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।