বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কোভিড-১৯ ভাইরাস দিনদিন সংক্রমিত হচ্ছে। এটা মানুষের জীবন-যাপনে মারাত্মক প্রভাব ফেলছে। চারদিকে নিম্ন আয়ের মানুষ যেমন কোনো কাজ না পেয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে ঠিক তেমনি মধ্যবিত্তও সমান হারে কষ্ট পাচ্ছে আর্থিকভাবে। অনেকে খেয়ে-না খেয়ে দিন কাটাচ্ছে। মুখ ফুটে কাউকে বলতে পারছে না লজ্জা-শরমে। এই করোনাকালে বাসাভাড়া বৃদ্ধি কোনো অবস্থাতেই যৌক্তিক নয়। লকডাউনে শ্রমজীবী, পেশাজীবী এবং দোকান শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত এমনকি কক্সবাজার সদর কোর্টবিল্ডিংয়ের মসজিদ মার্কেটে অন্যের দোকানে যারা কম্পিউটার চালিয়ে কোনোমতে জীবন নির্বাহ করত, আজ তারাও অচল! সাধারণ মানুষের যেখানে জীবন চালানোই দায় হয়ে পড়েছে, সেখানে বাড়িওয়ালা কীভাবে বাসাভাড়া বাড়ান? এই বাসাভাড়া বৃদ্ধি অনেকটা কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো। অতিরিক্ত ভাড়া সাধারণ মানুষ কোথা থেকে দেবে? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন কক্সবাজার পৌরসভার গাড়িরমাঠ এলাকায় বসবাসরত সাধারণ ভাড়াটিয়ারা। অফিস-আদালত বন্ধ। প্রায় দুই-তিন মাসের বাসাভাড়া বাকি পড়েছে অনেকের। সব মিলিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন তাঁরা।
মিজান মনির
মহেশখালী, কক্সবাজার
