ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে জুয়া খেলার সময় জুয়াড়ি চক্রের দল নেতা সাব্বির মিয়াসহ সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় নগদ সাড়ে ৫১ হাজার টাকা, জুয়া খেলার ১০টি মোবাইল ফোন এবং একটি টেলিভিশন উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পশ্চিম মেড্ডার পীরবাড়ী এলাকার সাদিয়া জেনারেল স্টোর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম মেড্ডার পীরবাড়ী এলাকার সাব্বির মিয়া (২৯), সোহাগ মিয়া (২৮), জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামের হূদয় মোল্লা (১৯), সরাইল উপজেলার উচালিয়াপাড়ার মো. মুন্না (২৪), সরাইল উপজেলার মালিগাঁওয়ের মো. রাসেল (৩০), ফারুক মিয়া (২৮) ও কুট্টাপাড়া গ্রামের তানভীর আহম্মদ ভূঁইয়া (৩৪)। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
