করোনায় আক্রান্ত সুজন

আপডেট : ২২ মে ২০২১, ২২:২৬

স্পোর্টস রিপোর্টার

গত ২১ মে টিম হোটেলে উঠার কথা ছিল খালেদ মাহমুদ সুজনের। কিন্তু সেটি আর সম্ভব হয়ে উঠেনি। কারণ করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন বিসিবির এ পরিচালক। করোনা পজিটিভ হয়ে এখন আইসোলেশনে আছেন তিনি। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে ‘টিম লিডার’ হিসেবে সুজনকে পাচ্ছে না বাংলাদেশ দল।

গতকাল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। হোম সিরিজ বলে সুজনের জায়গায় কাউকে টিম লিডার করা হবে না।

করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসায় জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেননি সুজন। আকরাম খান বলেছেন, ‘করোনা পজিটিভ হওয়ায় সে দলের সঙ্গে নেই। এখন আইসোলেশনে রয়েছে সে। যেহেতু হোমে খেলা টিম লিডারের দায়িত্ব নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না।’

গেল শ্রীলঙ্কা সফরে টিম লিডারের ভূমিকায় ছিলেন সুজন। তার আগে নিউজিল্যান্ড সফরে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এ দায়িত্ব পালন করেছিলেন।