যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইলের আলাদা রাষ্ট্রই সংঘাত নিরসনের একমাত্র উপায়। তিনি সম্প্রতি ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা পুনর্গঠনে সহায়তা দেওয়ার কথাও বলেছেন। শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন এসব কথা বলেন। খবর রয়টার্সের
যুক্তরাষ্ট্রের চেষ্টায় ১১ দিনের যুদ্ধের পর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্যেই গাজায় ২৪৮ জন মানুষের প্রাণ গেছে। বাইডেন উভয় ধর্মের কট্টরপন্থিদের মাধ্যমে সাম্প্রদায়িক লড়াইয়ের অবসান চান। তিনি ইসরাইলে আরব ইহুদি সবাইকে সমান মর্যাদা নিতে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ফিলিস্তিনেরও উচিত ইসরাইলের অস্তিত্বকে স্বীকার করা। এটা না করলে ঐ অঞ্চলে শান্তি আসবে না। বাইডেন সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার বিষয় প্রকাশে অস্বীকৃতি জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে চলবেন এবং আমার কাছে করা অঙ্গীকার ভঙ্গ করবেন না। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, প্রেসিডেন্ট বাইডেন গত ২০ মে ফোনালাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, জেরুজালেমে ফিলিস্তিনিদের মর্যাদা দিতে হবে এবং গাজায় মানবিক সহায়তা পাঠানোর সুযোগ দিতে হবে। আর পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের নিরাপত্তা দিতে হবে। বাইডেন নেতানিয়াহুকে আরো বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আব্বাসকে স্বীকৃতি দিতে হবে ইসরাইলকে।
