এক সপ্তাহে মৃত্যু কমেছে ৯ শতাংশ

আপডেট : ২২ মে ২০২১, ২২:৫১

এক সপ্তাহে দেশে নমুনা পরীক্ষা প্রায় ১৭ শতাংশ বেড়েছে, তাতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩ শতাংশ। আর এক সপ্তাহে সুস্থতার হার ৪২ শতাংশ কমেছে,  মৃত্যুর হারও প্রায় ৯ শতাংশ কমেছে। দেশে কোভিড-১৯ পরিস্থিতির আগের সপ্তাহের সঙ্গে তুলনা করে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে দেশে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা আগের দিনের চেয়ে ১২ জন বেশি। শনিবার আরো ১ হাজার ২৮ জনের মধ্যে সংক্রমণ ধরে পড়ার কথা জানানো হয়েছে। এই সংখ্যা আগের দিন ছিল ১ হাজার ৫০৪। তবে এক দিনের ব্যবধানে নমুনা পরীক্ষা প্রায় ৬ হাজার কমেছে। শুক্রবার নমুনা    পরীক্ষা হয়েছিল ১৮ হাজার ২৯৪টি, সেখানে শনিবার নমুনা পরীক্ষা কমে দাঁড়ায় ১২ হাজার ২৩০টিতে। নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জন। আর আরো ৩৮ জনকে নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৩৪৮ জন।

সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ৭৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৯ হাজার ৭৯৮। আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে সাড়ে ৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ শতাংশর উপরেই রয়েছে। সর্বমোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ২৫ জন পুরুষ, আর নারী ১৩ জন। তাদের ৩২ জন সরকারি হাসপাতালে, ছয় জন বেসরকারি হাসপাতালে মারা যান। মৃতদের মধ্যে ১৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জন করে মোট ছয় জনের বয়স ৪১ থেকে ৫০, ২১ থেকে ৩০ ও ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, সাত জন চট্টগ্রাম বিভাগের, চার জন করে মোট ১২ জন রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের, এক বরিশাল বিভাগের এবং দুই জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৩৪৮ জনের মধ্যে ৮ হাজার ৯২৮ জন পুরুষ এবং ৩ হাজার ৪২০ জন নারী।