নলছিটিতে করোনা জয়ী সেই মা-ছেলেকে সংবর্ধনা

আপডেট : ২২ মে ২০২১, ২৩:৪৭

করোনা আক্রান্ত মাকে বাঁচাতে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে হাসপাতাল নিয়ে যাওয়ার ঘটনায় আলোচিত সেই মমতাময়ী মা ও ছেলেকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। মা স্কুলশিক্ষিকা রেহেনা বেগম ও ছেলে কৃষি ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান টিটুর হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন সেই মা ও ছেলে। বিষয়টি মিডিয়ায় তুলে ধরায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

গত ৯ এপ্রিল রেহানা বেগমের করোনা শনাক্ত হলে নলছিটির সূর্যপাশা বাড়িতে বসেই চিকিত্সা নিচ্ছিলেন। ১৭ এপ্রিল দুপুরে শ্বাসকষ্ট বেড়ে যায়। দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি করাতে বলেন চিকিত্সকরা। লকডাউনের মধ্যে কোনো গাড়ি না পেয়ে সংকটাপন্ন মায়ের জীবন বাঁচাতে মোটরসাইকেলে ছেলে জিয়াউল হাসান টিটু নিজের শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে অক্সিজেন মাস্ক পরিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি তুলে এক পুলিশ সদস্য ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়।  হাসপাতালে মায়ের সেবা করেছেন দুই ছেলে জিয়াউল হাসান টিটু ও রাকিবুল হাসান ইভান। ছয় দিন চিকিত্সা শেষে সুস্থ অবস্থায় মাকে নিয়ে বাড়ি ফেরেন তারা। মা সুস্থ হলেও করোনা আক্রান্ত হয়ে পড়েন টিটু। ১৫ দিন বাড়িতে আইসোলেশনে থেকে ৯ মে সুস্থ হন তিনি। এ ঘটনা নিয়ে দেশ ও বিদেশের মিডিয়ায় সংবাদ প্রচার হয়।