বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় কিশোর নিহত

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২০:৫৫

পঞ্চগড় জেলার বোদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফজলে এলাহি শিমুল (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিমুলের বাবা। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের বোদা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিমুল বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামের নাজমুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল ছুটি শেষে মোটরসাইকেল যোগে বাবা-ছেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বোদা বাসস্ট্যান্ডে আশা এন্টারপ্রাইজের সামনে আসলে পেছন থেকে পাথর বোঝাই দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মহাসড়কের ওপর পড়ে গেলে ফজলে এলাহি শিমুল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় তার বাবা। বোদা থানা পুলিশ ও বোদা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের তাৎক্ষণিক বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পিতা নাজমুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

আরো পড়ুন: পিতাহীন সন্তানের জন্ম দিলেন একতা কাপুর

অন্যদিকে, জেলার দেবীগঞ্জে ট্রাক্টরের চাপায় বিথিকা (৬) নামে এক শিশু নিহত হয়। বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বিথিকা ওই এলাকার শাহজাহান মিয়ার কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিথিকা বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলো। এ সময় জমি চাষকৃত একটি ট্রাক্টর সড়কে ঘোরানোর সময় পেছনে দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটি নিহত হয়।

চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাসান নয়ন ট্রাক্টরের চাপায় শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ