মনপুরা (ভোলা) সংবাদদাতা
মনপুরায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন বন্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে মানববন্ধন করেছে তিন শতাধিক জেলে। রবিবার উপজেলা শহিদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞার কাছে স্মারকলিপি দেন জেলে সমিতির নেতারা। এছাড়াও জেলেরা কোস্ট গার্ড ও উপজেলা মত্স্য কর্মকর্তার কাছেও স্মারকলিপির অনুলিপি দেন। মানববন্ধনে জেলে সমিতির নেতা মহরলাল চক্রবর্তী, রুস্তুম মাঝি প্রমুখ বক্তব্য রাখেন। স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা জানান, জাটকা নিধন ও কারেন্ট জাল অপসারণে শিগিগরই অভিযান পরিচালনা করা হবে।
