বাবুগঞ্জে কিশোরী ধর্ষিত যুবক গ্রেফতার

আপডেট : ২৩ মে ২০২১, ২১:১১

বরিশাল অফিস

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর গ্রামে গত শুক্রবার রাতে এক কিশোরী (১৬) ধর্ষিত হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে ঘটনার শিকার কিশোরীর বাবা বাবুগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের পর ঐ রাতেই অভিযুক্ত আসামি পূর্ব ইসলামপুর গ্রামের মাছুম খানকে (২১) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রবিবার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা এবং আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয় বলে জানিয়েছেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুর রহিম।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঐ কিশোরীকে তার বাড়ি থেকে মুখ চেপে ধরে নিয়ে যায় মাছুম খান। পরে তাকে একই গ্রামের বকুল মৃধার পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে সে। এ ঘটনা পরদিন জানাজানি হলে ৯৯৯ এ ফোন দেন নির্যাতিতার বাবা। পরে নির্যাতিতার বাবাকে গৌরনদী থানায় ডেকে নেয় পুলিশ। কিন্তু ঘটনাস্থল বাবুগঞ্জ থানাধীন হওয়ায় গৌরনদী থানা পুলিশ তাকে বাবুগঞ্জ থানায় পাঠিয়ে দেয়। এদিকে স্থানীয় কালাম জোমাদ্দারসহ কয়েকজন প্রভাবশালী এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নির্যাতিতার বাবাকে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করে। কিন্তু নির্যাতিতার বাবা কোনো আপসরফার মধ্যে না গিয়ে শনিবার রাতে বাবুগঞ্জ থানায় অভিযুক্ত ধর্ষক মাছুম খানকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ঐ রাতেই আসামিকে গ্রেফতার করে গতকাল রবিবার আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। অন্যদিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে গতকাল ঐ কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরে আদালতে ২২ ধারায় তার জবানবন্দি গ্রহণ করা হয়। মামলার অভিযোগ তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেন বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।