মিয়ানমারে অভ্যুত্থানের বিরোধিতা সোয়া লাখ শিক্ষক বরখাস্ত

আপডেট : ২৩ মে ২০২১, ২১:৫২

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করায় সোয়া লাখ শিক্ষককে বরখাস্ত করেছে সরকার। শিক্ষক ফেডারেশনের একজন কর্মকর্তা জানান, মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ সামরিক শাসনের বিরোধিতা করে আইন অমান্যকারী আন্দোলনে যোগ দেওয়ায় কর্তৃপক্ষ ১ লাখ ২৫ হাজার স্কুল শিক্ষককে বরখাস্ত করেছে। নতুন করে স্কুলের কার্যক্রম শুরু হওয়ার কয়েক দিন আগে বরখাস্তের কথা জানানো হলো। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা জানান, শনিবার সর্বমোট ১ লাখ ২৫ হাজার ৯০০ স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার

সাম্প্রতিক জরিপে দেখা যায়, বর্তমানে মিয়ানমারে ৪ লাখ ৩০ হাজার স্কুল শিক্ষক কর্মরত রয়েছেন। ঐ কর্মকর্তা বলেন, এই ঘোষণা যারা আন্দোলনে জড়িত তাদের ভয় দেখানো এবং কাজে ফিরে আসার জন্য বরখাস্ত করা হতে পারে। কারণ এই বৃহত্ সংখ্যার শিক্ষকদের বরখাস্ত করা হলে স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

অং সান সু চি সুস্থ, প্রকাশ্যে আসছেন :মিয়ানমারের সামরিক সরকার প্রধান শনিবার জানান, ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি শারীরিকভাবে সুস্থ এবং কয়েক দিনের মধ্যেই তিনি আদালতে হাজির হবেন। হংকংভিত্তিক ফিনিক্স টেলিভিশনের সঙ্গে সাক্ষাত্কারে জেনারেল হ্লেইং বলেন, কয়েক দিনের মধ্যেই তিনি বিচারের মুখোমুখি হচ্ছেন। সু চির বিরুদ্ধে বেশ কতগুলো অপরাধের অভিযোগ আনা হয়েছে। যেমন-লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখা, কোভিড-১৯ নিষেধাজ্ঞা অমান্য করা, জনগণকে উসকানি দেওয়া, এমনকি অবৈধ অর্থ গ্রহণের মতো অভিযোগও আনা হয়েছে।