ফরিদপুরে কোচিং বাণিজ্য, ৩ শিক্ষকের জেল

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২১:১৭

সরকারি নির্দেশ অমান্য করে কোচিং পরিচালনা করায় স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকসহ মোট ৩ জনকে কারাদণ্ড প্রদান করছেন ফরদিপুরের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে এ কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক প্রত্যকেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর সানরাইজ প্রি ক্যাডটে স্কুলে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খান ও হাসান মো: হাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 

আদালত পরিচালনার সময় সানরাইজ প্রি ক্যাডট স্কুলের পৌর ভূমি অফিস সংলগ্ন শাখায় কোচিং চলছিল। এ সময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং করানোর অপরাধে সানরাইজ প্রি ক্যাডটে স্কুলের অধ্যক্ষ অপরেশ রায়কে (৪৬) দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ০১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

একই অপরাধে একই স্কুলের শিক্ষক প্রদীপ ঘোষ (৩২), এবং জয়ন্ত ঘোষকে (২৫) আদালত দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় প্রত্যেককে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ ‘এক ব্যক্তি, এক দল’ নীতির বেপরোয়া আস্ফালন জনগণকে আতঙ্কিত করে রেখেছে: রিজভী

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, ‘সরকারী সিদ্ধান্ত মোতাবেক বারবার কোচিং বন্ধে অনুরোধ ও সতর্ক করা হলেও অনেকেই মানছেন না। তাই প্রশাসন এই ব্যাপারে কঠোর হয়েছে। কোচিংয়ের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

দণ্ডপ্রাপ্তদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/নূহু