বাসমালিকদের জন্য ১০০ কোটি টাকার তহবিল অনুমোদন

আপডেট : ২৪ মে ২০২১, ০০:৩৮

করোনায় ক্ষতিগ্রস্ত বাসমালিকদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দিতে ১০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল (রিফাইন্যান্স স্কিম) গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রবিবার ব্যাংকের ৪১৪তম পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় করোনার অভিঘাত মোকাবিলায় পরিবহন খাতকে সহায়তার জন্য বাসমালিকদের অনুকূলে পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, অর্থায়নকৃত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ শতাংশ সুদে তহবিল গ্রহণ করতে পারবে এবং বাসমালিকদের মধ্যে ৬ শতাংশ সুদে বিতরণ করবে। তবে কোন ধরনের বাসমালিক ঋণ পাওয়ার যোগ্য হবেন, কবে থেকে ঋণের জন্য আবেদন করতে পারবেন, আবেদনের নিয়ম কী হবে—এসংক্রান্ত বিস্তারিত নীতিমালা দেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

রিফাইন্যান্স স্কিম বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিনুল হক শামীম বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যে ১০০ কোটি টাকা বাসমালিকদের জন্য স্বল্প সুদে ঋণের অনুমোদন দিয়েছে, আমরা চাই এই ঋণ যেন প্রকৃত বাসমালিকেরা পান। গত এক বছরে বাসমালিকেরা যেই ক্ষতির সম্মুখীন হয়েছেন, সে হিসেবে এর পরিমাণটা খুবই কম। আমি মনে করি এর পরিমাণটা ১ হাজার কোটি টাকা হওয়া উচিত ছিল।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির (বিআরটিএ) মতে, শীতাতপনিয়ন্ত্রিত (এসি), নন-এসি, মিনিবাসসহ প্রায় ৮০ হাজার বাস বিভিন্ন রুটে চলাচল করে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির হিসাবে এই সংখ্যা ৭৫ হাজার ৩৪৮।