মালির গাও প্রদেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট বাংলাদেশ ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৭, মিনুসমা), ৩৪ বীর, সেক্টর ইস্ট এ দায়িত্বে রয়েছে। উক্ত কন্টিনজেন্ট ২০ থেকে ২৬ মে পর্যন্ত জাতিসংঘের একটি লজিস্টিক কনভয়কে গাও থেকে মেনেকায় স্কর্ট প্রদান করার জন্য দায়িত্ব পালন করছে। এরই মধ্যে গত ২২ মে গাও থেকে ২৩০ কিলোমিটার দূরে আকস্মিক ৮-১০ জন সশস্ত্র দুষ্কৃতকারী মোটরসাইকেলযোগে কনভয়ের ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে।
বাংলাদেশ শান্তিরক্ষীরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের ওপর পালটা আক্রমণ করে প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে দুষ্কৃতকারীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এই বীরত্বপূর্ণ সাহসী অভিযানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা সর্বমহলে প্রশংসিত হয়। উল্লেখিত ঘটনায় বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর কৌশলগত নৈপুণ্যতা এবং আক্রমণাত্মক কার্যক্রমের কারণে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। —আইএসপিআর
