করোনা ভাইরাস মহামারি ঠেকাতে জারি করা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে জরিমানা করা হয়েছে। দেশটির মারানহাও প্রদেশের প্রশাসন এই শাস্তি দিয়েছে। তবে প্রেসিডেন্ট আপিল করার জন্য ১৫ দিন সময় পাবেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য জানিয়েছে। মারানহো প্রদেশের প্রশাসন জানিয়েছে, শুক্রবার একটি অনুষ্ঠানে এই প্রদেশে গিয়েছিলেন বলসোনারো। সেখানে বহু মানুষের সমাবেশ হয়। কিন্তু কারোর মুখে মাস্ক ছিল না। এমনকি শারীরিক দূরত্বও বজায় রাখা হয়নি। প্রেসিডেন্ট নিজেও মাস্ক পরেননি ও দূরত্ববিধি মানেননি। প্রদেশের গভর্ণর ফ্লাভিও ডিনো বলেন, বলসোনারোর বিরুদ্ধে মামলা করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তিনি বলেন, আইনের চোখে সকলেই সমান। তাই নিয়মভঙ্গ করায় প্রেসিডেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রেসিডেন্টকে জরিমানা করা হলেও তার পরিমাণ প্রকাশ করা হয়নি। এ বিষয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। জবাব দিতে ১৫ দিন সময় পাবেন বলসোনারো।
