৪ দিন আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২১:০৩

সাভারে অপহরণ করে চারদিন আটকে রেখে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় ধামরাইয়ের শরিফবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিল্লাল (১৯) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার তবিরকাঠি  গ্রামের মজিবরের ছেলে এবং সাভার পৌর এলাকার নামাগেন্ডার খালাশীপাড়া মাঝির মোড় এলাকায় জনৈক সন্তোষ মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া।

জানা গেছে, গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ওই ছাত্রী বাসা থেকে ১০০ গজ দূরে জনৈক ফজলু মিয়ার দোকানে গেলে বিল্লাল তাকে কথা আছে বলে দোকানের পাশে ডেকে নেয়। পরবর্তীতে ভিকটিম কিছু বুঝে ওঠার আগেই বিল্লাল ভিকটিমের মুখ চেপে ধরে অজ্ঞাতনামা কয়েকজনের সহযোগিতায় একটি মাইক্রো বাসে উঠিয়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয়ভাবে এ বিষয়ে আপোষ মীমাংসার কথাবার্তা হলে বিল্লাল ভিকটিমকে ১১ জানুয়ারি রাত সাড়ে ১১টার সময় তার বাবার ভাড়া বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

আরো পড়ুন: পর্নোগ্রাফির খপ্পরে পড়ে বাবা-মাকে খুন

স্থানীয়ভাবে আপোষ মীমাংসা না হওয়ায় ভিকটিমের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় গত ১৪ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৯(১)/৩০ একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৪ সিপিসি-২ ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর আব্দুল হাকিম জানান, ‘ঘটনার কয়েকদিন পর ভিকটিমের বাবা র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পে উপস্থিত হয়ে অভিযোগ করেন। পরবর্তীতে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে তারা নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও এর আশে-পাশে অভিযান চালান। পরে তারা জানতে পারেন, ধামরাই থানাধীন আইঙ্গন তিন রাস্তার মোড় এলাকায়  আসামি বিল্লাল অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বুধবার সন্ধ্যায় ধামরাইয়ের শরিফবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/বিএএফ