উত্তর কাশ্মিরের সীমান্তবর্তী কুপওয়ারা জেলা থেকে ৫০ কোটি রুপি মূল্যের ৮ কেজি হেরোইন জব্দ করেছে জম্মু-কাশ্মির পুলিশ। পাশাপাশি পাকিস্তান স্পনসরিত একটি মাদক-সন্ত্রাসবাদ মডিউলকেও ফাঁস করেছে তারা। রবিবার (২৩ মে) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে কর্তৃপক্ষ। খবর প্রকাশ করেছে ডেকান হেরাল্ড।
বিবৃতিতে পুলিশের একজন মুখপাত্র বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাকিস্তান স্পনসরিত একটি মাদক-সন্ত্রাসবাদ মডিউলকে ফাঁস করা হয়েছে এবং মুজাসির আহমদ লোন নামে এক সন্ত্রাসী সহযোগীও গ্রেফতার হয়েছেন। তার কাছ থেকে বাজারে ৫০ কোটি রুপি মূল্যের আট কেজি অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়েছে।
অন্য পলাতক জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের সঙ্গে মডিউলের গভীর সম্পর্ক রয়েছে। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং উপত্যকায় সক্রিয় সন্ত্রাসীদের আর্থিকভাবে সহায়তা করে।
মুখপাত্র আরো বলেন, হেরোইন উদ্ধারের এই অভিযান মাদক কারবারী এবং সন্ত্রাসীদের মধ্যকার সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে আসে। উপত্যকায় সন্ত্রাসীদের কার্যক্রমকে শক্তিশালী করার জন্য কাজ করে মডিউল। একইসঙ্গে তাদের দলে যোগ দিতে স্থানীয় যুবকদের অনুপ্রাণিত করে থাকে।
গত ১৪ এপ্রিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের সীমান্তবর্তী কুপওয়ারা জেলার আন্তর্জাতিক বাজার থেকে ১০ কেজি মাদক উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যেগুলোর মূল্য প্রায় ৫০ কোটি রুপি। এর আগে ৮ এপ্রিল একই জেলা থেকে সমপরিমাণ প্রায় ৫০-৬০ কোটি রুপি মূল্যের হেরোইন উদ্ধার করা হয়।
জম্মু-কাশ্মির পুলিশের দেওয়া তথ্যমতে, বিগত ২০২০ সালে উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে ৩৬.০৮ কেজি বিশুদ্ধ হেরোইন এবং ৪৯.৭ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার মাধ্যমে এটাই প্রতিয়মান হয় যে, সীমান্তের মাদক সন্ত্রাস হুমকি কাশ্মিরের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
ইত্তেফাক/টিএ
